মীর রফিকুল ইসলাম
ওয়াশিংটন ডিসি |

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রবাসী যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে স্বপ্নীল খান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ জানান।

পোস্টে তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে আমৃত্যু দলের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া কামনা করেন এবং “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানের মাধ্যমে তার বক্তব্য শেষ করেন।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে সপ্নীল।

মুঠোফোনে আলাপকালে স্বপ্নীল খান তার জন্মস্থান, পারিবারিক পরিচয় ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি জানান, তার জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।

ছাত্রজীবন থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বেগমগঞ্জ শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্কুলজীবন শেষ করার পর ২০১১ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান স্বপ্নীল খান। যুক্তরাষ্ট্রে এসে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং বর্তমানে এমবিএ (MBA) অধ্যয়নরত রয়েছেন।

যুক্তরাষ্ট্রে আসার পরও তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ, সাংগঠনিক কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করেন।

বিশেষ করে গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে স্বপ্নীল খান সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় কর্মসূচি, সভা-সমাবেশ এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন উদ্যোগে তার অংশগ্রহণ নিয়মিত দেখা যায় বলে দলীয় সূত্র জানায়।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মনিষ্ঠা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ তাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *