রবিউল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের চতুরপাড়া, মাটিভাঙ্গা ও খালপাড় এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী অভিযান, সচেতনতামূলক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একতা মাদক নির্মূল ও যুব উন্নয়ন সংঘ-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মুফতি ইয়ার উদ্দিন মোল্লা ও হাবিবুল্লাহ জিহাদী। তাদের সহযোগিতায় ছিলেন রবিউল ইসলাম ও রাজীব মীর। এলাকার যুব সমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচির সফল আয়োজনে আর্থিক সহযোগিতা করেন প্রবাসী মো. আক্তার দর্জি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য দুই ডেকচি খিচুড়ির ব্যবস্থা করা হয়। এছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এলাকাজুড়ে পোস্টার ও ফেস্টুন টাঙানো হয়।

সচেতনতামূলক মিছিলটি মাটিভাঙ্গা এলাকা থেকে শুরু হয়ে খালপাড়, মস্তফাপুর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মস্তফাপুর ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই যুব সমাজকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।”

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে একতা মাদক নির্মূল ও যুব উন্নয়ন সংঘ চতুরপাড়া, মাটিভাঙ্গা ও খালপাড় এলাকায় মাদকবিরোধী ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক মাদকবিরোধী সচেতনতামূলক সভায় অংশ নিয়ে এলাকাবাসীকে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জুয়েল ফকির, কিবরিয়া মোল্লা, আকবর সরদার, ওসমান মোল্লা ও সেলিম মাতুব্বর। এছাড়া শাহিদ হাওলাদার, কোভিদ হাওলাদার, রহমান মাতুব্বর, তারিফ ফকির, আলামিন মোল্লাসহ এলাকার আরও অনেকে এ কার্যক্রমে সহযোগিতা করেন, অনুষ্ঠান শেষে কুদ্দুস মাতুব্বরের বাড়িতে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য খাবারের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, এলাকার যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং মাদক ও জুয়ামুক্ত একটি নিরাপদ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও একতা মাদক নির্মূল ও যুব উন্নয়ন সংঘ-এর পক্ষ থেকে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *