রিপোর্টার্স: মীর রফিকুল ইসলাম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া (ডিএমভি) অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ মিলনমেলায় পরিণত হওয়া ঐতিহ্যবাহী ‘পান্তা ইলিশ’ উৎসব আবারও আয়োজন করতে যাচ্ছে একাত্তর ফাউন্ডেশন। আগামী শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই বর্ণাঢ্য সাংস্কৃতিক ও খাদ্য উৎসব।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে Fort Hunt Park (Group Picnic Area A-001), 8999 Fort Hunt Road, Alexandria, VA 22308-এ। সকাল ১১:৩০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত চলবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে।

খাবারের আয়োজনেও থাকছে বাঙালির ঐতিহ্যের অনন্য সমাহার। অতিথিদের জন্য পরিবেশন করা হবে পান্তা ভাত, চাঁদপুরের সুস্বাদু ইলিশ ভাজা, মেজবানি গরুর মাংস, দেশি ভর্তার বাহারি আয়োজন, ডাল এবং অন্যান্য ঐতিহ্যবাহী বাঙালি খাবার। আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবেও বরাবরের মতো অন্যতম প্রধান আকর্ষণ হবে দর্শনার্থীদের সামনেই তাৎক্ষণিকভাবে ভেজে পরিবেশন করা চাঁদপুরের তাজা ইলিশ মাছ। পাশাপাশি থাকবে দেশি স্বাদের রকমারি ভর্তা, যা প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের খাবারের স্বাদ ও স্মৃতিকে আবারও জীবন্ত করে তুলবে। প্রতিটি খাবার স্বাস্থ্যসম্মত পরিবেশে যত্নসহকারে প্রস্তুত করা হবে, যাতে অতিথিরা প্রবাসের মাটিতেও বাংলাদেশের আসল স্বাদ, ঘ্রাণ ও ঐতিহ্যের অনুভূতি উপভোগ করতে পারেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্বাদু ও মানসম্মত খাবারের পাশাপাশি আন্তরিক আপ্যায়নের মাধ্যমে প্রতিটি দর্শনার্থীর জন্য একটি স্মরণীয় ও আনন্দঘন অভিজ্ঞতা উপহার দেওয়াই তাদের লক্ষ্য।
প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালিয়ানাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতি বছরের মতো এবারও ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া (ডিএমভি) অঞ্চলসহ আশপাশের অঙ্গরাজ্যের বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের প্রত্যাশা, ডিএমভি অঞ্চলের তিন অঙ্গরাজ্যে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশি পরিবার এ উৎসবে অংশ নিয়ে এটিকে আরও প্রাণবন্ত করে তুলবেন। তাদের মতে, এই উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের একটি বৃহৎ মিলনমেলা, যেখানে বিভিন্ন শহর ও কমিউনিটির মানুষ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে নিয়ে একত্রিত হয়ে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালিয়ানাকে উদযাপন করেন। ডিএমভি অঞ্চলের পাশাপাশি আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী ও অতিথির অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।
উৎসবের অন্যতম আকর্ষণ থাকবে বাংলাদেশ থেকে আগত এবং যুক্তরাষ্ট্রে স্থায়ী জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। এছাড়াও থাকছে নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন এবং পরিবার-পরিজন নিয়ে উপভোগ করার মতো নানা বিনোদনমূলক অনুষ্ঠান। আয়োজকদের আশা, এসব পরিবেশনা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করবে।
খাবারের আয়োজনেও থাকছে বাঙালির ঐতিহ্যের অনন্য সমাহার। অতিথিদের জন্য পরিবেশন করা হবে পান্তা ভাত, ইলিশ ভাজা, মেজবানি গরুর মাংস, রকমারি ভর্তা, ডাল এবং অন্যান্য ঐতিহ্যবাহী বাঙালি খাবার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যত্নসহকারে প্রস্তুত করা এসব খাবারের মাধ্যমে প্রবাসেও দেশের স্বাদ ও আবহ তুলে ধরার চেষ্টা করা হবে।
অতিথিদের সুবিধার্থে ফ্রি পার্কিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে। ফলে পরিবার-পরিজন নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে আসা দর্শনার্থীরা কোনো অতিরিক্ত পার্কিং খরচ ছাড়াই সহজেই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, একাত্তর ফাউন্ডেশনের কর্ণধার কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী দম্পতি কয়েক বছর ধরেই ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া (ডিএমভি) অঞ্চলে ঐতিহ্যবাহী ‘পান্তা ইলিশ’ উৎসবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক আয়োজন করে আসছেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তারা সুপরিচিত মুখ। পাশাপাশি তারা ওয়াশিংটন ডিসি এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তাদের উদ্যোগে প্রতিবছর আয়োজিত এই উৎসবটি প্রবাসীদের জন্য একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে শত শত বাংলাদেশি পরিবার একত্রিত হয়ে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালিয়ানাকে উদযাপন করেন।
একাত্তর ফাউন্ডেশনের কর্ণধার পারভীন পাটোয়ারী বলেন, আমাদের মূল লক্ষ্য ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া (ডিএমভি) অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একটি পারিবারিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মে একত্রিত করা। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালিয়ানাকে তুলে ধরা এবং তাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা চাই, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোররা যেন নিজেদের ভাষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এবং বাংলাদেশি পরিচয়ে গর্ববোধ করে। ‘পান্তা ইলিশ’ উৎসব সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আশা করছি, এবারও ডিএমভি অঞ্চলসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার এই উৎসবে অংশ নিয়ে এটিকে একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত করবেন।
একাত্তর ফাউন্ডেশনের আরেক কর্ণধার কবির পাটোয়ারী বলেন, এই আয়োজন শুধু একটি খাদ্য বা সাংস্কৃতিক উৎসব নয়,এটি প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অচিরেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশ থেকে আগত এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত জনপ্রিয় শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”
একাত্তর ফাউন্ডেশন ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া এবং আশপাশের অঙ্গরাজ্যে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অনুষ্ঠানে অংশ নেওয়ার আন্তরিক আহ্বান জানিয়েছে।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত তথ্য
- আয়োজন: একাত্তর ফাউন্ডেশন
- অনুষ্ঠান: পান্তা ইলিশ উৎসব ২০২৬
- তারিখ: শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- সময়: সকাল ১১:৩০টা – বিকেল ৫:০০টা
- স্থান: Fort Hunt Park (Group Picnic Area A-001), 8999 Fort Hunt Road, Alexandria, VA 22308
- প্রবেশ: সম্পূর্ণ বিনামূল্যে
- পার্কিং: দর্শনার্থীদের জন্য ফ্রি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে।
- বিশেষ আকর্ষণ: বাংলাদেশ থেকে আগত ও প্রবাসে স্থায়ী জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা-ইলিশ, মেজবানি গরুর মাংস, রকমারি ভর্তা, ডাল এবং প্রবাসে বাঙালিয়ানার এক মিলনমেলা।
